জীবিত থেকেও, ফেসবুকে মৃত জেসিয়া!

৯ মে, ২০২০ ২৩:১৪  
করোনা ভাইরাসের জন্য দিব্যি ঘরবন্দি হয়ে সময় কাটাচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রথম আসরের চ্যাম্পিয়ন জেসিয়া ইসলাম। অথচ ফেসবুকে রটে গেছে মারা গেছেন তিনি! রটবেই না কেনো? ফেসবুক কর্তৃপক্ষ তার আইডিতে ‘রিমেম্বারিং’ লিখে দিয়েছে। কোনো ফেসবুক ব্যবহারকারী মারা যাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে সেই অ্যাকাউন্ট সাধারণত ‘রিমেম্বারিং’ করে রাখে ফেসবুক। অথচ ফেসবুকে যখন এ ঘটনা রটে তখন বাসায় ঘুমুচ্ছিলেন। ঘুম থেকে উঠে জেসিয়া নিজের মৃত্যুর খবরে শুধু অবাকই নন ক্ষিপ্তও হলেন। প্রকাশ করলেন ঘৃণা। শনিবার এমনটিই জানালেন জেসিয়া। এমন কাজে শুধু জেসিয়া নন তার মা রাজিয়া সুলতানাও বেশ ক্ষিপ্ত। যারা এমনটি ঘটিয়েছেন তাদের প্রতি ঘৃণা প্রকাশ করলেন তিনিও। জেসিয়া বলেন, ‌‘গতকাল শুক্রবার সকালে ফোন হাতে নিয়ে দেখলাম, “রিমেম্বারিং জেসিয়া ইসলাম”! আমার মৃত্যুসংবাদ আমিই দেখছি! জানতে পেরেছি, কয়েকজন মিলে আমার আইডিতে রিপোর্ট করেছে। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষেরও তো কমপক্ষে ২৪ ঘণ্টা সময় নিতে পারত। যাচাই–বাছাই করতে পারত! তা না করে লিখে দিল রিমেম্বারিং! মানলাম, অনেক দিক থেকে আমি ফানি হতে পারি। তাই বলে জীবিত আমাকে মেরে ফেলাটা আপনাদের কাছে মজার কিছু! সত্যিই কি তা–ই! আমি বাক্‌রুদ্ধ। কী বলব, বুঝে উঠতে পারছিলাম না।’